প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ ২২:০৫ (বৃহস্পতিবার)
সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ জুন) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা, নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজন ছাড়া ঝড়ো আবহাওয়ায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।