প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ ১৫:১২ (শুক্রবার)
ছাতকে ৭ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ছাতক থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ছাতক থানার একটি মাদক মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি (মোহাম্মদপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আলকাছ (৪০) এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত হুছমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪২)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ৭ বোতল এসি ব্ল্যাক (AC BLACK) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা মোটরসাইকেলও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পৃথক অভিযান চালিয়ে জিআর-২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫) ও মো. হৃদয় মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই উপজেলার কুচবাড়ি এলাকার বাসিন্দা।

এছাড়া জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি মো. কুদ্দুছ আলী (৪০), পিতা মো. আলীম উদ্দিন (গেদা মিয়া), গ্রাম বাঁশটিলা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক মামলার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদেরও আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ”