ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, হাসপাতালটির ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পর গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড নম্বর-২-এ দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ ছিল এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় কক্ষে অক্সিজেনের মাত্রা কমে যায়। একই সঙ্গে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।
তিনি বলেন, প্রায় ৯০০ বর্গফুটের কক্ষে ১১ জন রোগী, নবজাতক, স্বজন ও অন্যান্য ব্যক্তিসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। অতিরিক্ত লোকজনের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি এবং আলো-বাতাস চলাচলের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
তদন্তে আরও উঠে এসেছে, ওয়ার্ডটিতে রোগীদের তদারকির জন্য কোনো দায়িত্বরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ঘাটতি ছিল। পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা হাসপাতাল পরিচালনার মৌলিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।
সাখাওয়াত হোসেন বলেন, “হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে।”
তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আইনে যতটুকু কঠোর হওয়ার সুযোগ রয়েছে, তার সর্বোচ্চ প্রয়োগ করা হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ।”
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের হাসপাতালগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এ লক্ষ্যে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।