প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ ১৯:৪৩ (শুক্রবার)
সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

পুলিশের শীর্ষ পর্যায়ে সিলেট রেঞ্জের একজনসহ পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে উন্নীত করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে উন্নীত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনে এ পদোন্নতিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মাঠ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ কর্মকর্তাদের উচ্চতর পদে উন্নীত করার মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।