প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ ২০:৪২ (শুক্রবার)
নেত্রকোনার হাওরে নৌকায় ভাড়া নৈরাজ্য

ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে খালিয়াজুরী সদর-বোয়ালি বাজার এবং খালিয়াজুরী-উচিৎপুর রুটে নির্ধারিত ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় কলেজ শিক্ষার্থী হৃদয় দত্ত রায়। তিনি জানান, খালিয়াজুরী সদর থেকে বোয়ালি বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নৌপথে যাত্রীপ্রতি ১৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ খালিয়াজুরী-উচিৎপুর নৌরুটে জনপ্রতি ২৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। অথচ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২০২২ সালের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৮৫ পয়সা। সে হিসেবে এ রুটে ভাড়া হওয়ার কথা প্রায় ৫৭ টাকা।

জানা গেছে, খালিয়াজুরী থেকে উচিৎপুরগামী যাত্রীদের কাছ থেকে দুই ধাপে ভাড়া আদায় করা হয়। খালিয়াজুরী থেকে বোয়ালি পর্যন্ত ১৫০ টাকা এবং বোয়ালি থেকে উচিৎপুর পর্যন্ত আরও ১০০ টাকা নেওয়া হচ্ছে।

স্থানীয় এনজিও কর্মকর্তা মো. শাহআলম বলেন, ‘আমার ১০ বছর বয়সী মেয়ে খালিয়াজুরী থেকে উচিৎপুরে যেতে ২৫০ টাকা ভাড়া দিয়েছে। এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।’

অভিযোগের বিষয়ে ট্রলার মালিক নিরধ দাস বলেন, ‘সব ট্রলার মালিকের সঙ্গে আলোচনা করেই বর্তমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়া কিছুটা বেশি হয়েছে, সেটি আমরা অস্বীকার করছি না। তবে যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’

আরেক ট্রলার মালিক শামছু মিয়া বলেন, ‘অনেক সময় পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন ঘাটে টোল ও অন্যান্য ব্যয়ও বেড়েছে। এসব কারণেই ভাড়া বাড়ানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।’

এদিকে উচিৎপুর ট্রলার ঘাটের ইজারাদাররা দাবি করেছেন, তারা সরকার নির্ধারিত হারে টোল আদায় করেন। অতিরিক্ত ভাড়া আদায়ের দায় ট্রলার মালিকদের।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, ‘নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তদন্ত করা হবে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমে আসে।