প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ ০১:৩৪ (শনিবার)
ডি মারিয়ার বিশ্বকাপ বিশ্লেষণে নেই ব্রাজিলের নাম!! 

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী প্রস্তুত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর রোমাঞ্চ উপভোগ করতে। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা, ভবিষ্যদ্বাণী ও বিশ্লেষণ।

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরেই বরাবরের মতো এবারও উন্মাদনা তুঙ্গে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েই আশাবাদী সাবেক তারকা ফুটবলার । কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ডি মারিয়া মনে করেন, ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার যথেষ্ট সামর্থ্য রয়েছে লিওনেল স্কালোনির দলের। 

ব্যালন ডি’অরকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে ওঠা বর্তমান স্কোয়াড প্রতিটি পজিশনে প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যা দলকে আরও শক্তিশালী করে তুলেছে। তার মতে, নতুন প্রজন্মের ফুটবলারদের আগমন সিনিয়র খেলোয়াড়দের আরও ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করছে। 

তবে শুধু আর্জেন্টিনাই নয়, ডি মারিয়া সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের নামও উল্লেখ করেছেন। তার ভাষায়, এই দলগুলো ধারাবাহিকভাবে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। 

২০২২ সালে কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে। অধিনায়ক লিওনেল মেসি র নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়নদের মূল কাঠামো অক্ষুণ্ণ রয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে কয়েকজন উদীয়মান তরুণ ফুটবলারও। 

এখন দেখার বিষয়, ডি মারিয়ার বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে পারে কি না আর্জেন্টিনা। নাকি নতুন কোনো শক্তি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে। বিশ্বকাপের উত্তেজনার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।