প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ ১৪:২৪ (শনিবার)
জামায়াত আমীরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এমপি এমরানের

ছবি: সংগৃহীত

সিলেট জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এমরান আহমদ।

শুক্রবার (৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিলেট জেলা জামায়াতের আমীর যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, তা শুধু ন্যক্কারজনকই নয়, বরং তাদের দলের নেতাদের পুরোনো মুখোশও উন্মোচন করেছে।

এমরান আহমদ বলেন, ‘যদিও তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার বক্তব্য থেকে তাদের ভেতরে কতটা হিংসা ও প্রতিহিংসা কাজ করে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। সরকারকে যদি ‘বেজন্মা’ বলা হয়, তাহলে তারাও একই অভিধায় পড়েন। একটি দলের জেলা আমীর কীভাবে এমন বক্তব্য দিতে পারেন, তা ভেবে অবাক লাগে।’

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামায়াতের বিভিন্ন নেতার বক্তব্যেও একই ধরনের আক্রমণাত্মক ভাষা লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষ্য, “তাদের একজন নেতা মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন এবং দলের আমীর তার দীর্ঘজীবনের গ্যারান্টি দিয়েছেন। এসব বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের মধ্যে বিভেদ ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা ফায়দা লুটতে চায়। প্রয়োজনে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সমাবেশে সিলেট জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান বিএনপি সরকারের ‘জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন জামায়াতের আমীর।