প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ ১২:৩০ (শনিবার)
সিলেটে একদিনে ৮২ জন ধরা

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত শুক্রবার (৫ জুন) রাত ১২টা থেকে শনিবার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৮২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এছাড়া বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তি, ছিনতাইকারী, চোর, হকার, জুয়াড়ি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আটক ব্যক্তিরাও রয়েছেন।

পুলিশ বলছে, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ও একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় ৩৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৩৭টি গাড়ি আটক করা হয়। সব মিলিয়ে ৭০টি গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।