প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ ১৩:১৪ (শনিবার)
টাঙ্গুয়ার হাওরের বুকে আনন্দভ্রমণ, হঠাৎই শেষ হয়ে গেল শিশুর জীবন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌমাতা সরকার নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত উপপরিদর্শক স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।

পরিবার ও হাউসবোট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোট নির্মাণের পর প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যায়। বোটটিতে মালিকপক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়রা ছিলেন। হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় ঘোরাঘুরি শেষে বিকেলে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেয় হাউসবোটটি।

এ সময় নিঝুম বোটের পেছন দিক থেকে সামনে যাওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বোটে থাকা লোকজন ইঞ্জিন বন্ধ করে তাকে উদ্ধার করেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ভ্রমণ। দুর্ঘটনার সময় শিশুটি তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনে পড়ে যাওয়ার পরপরই সেটি বন্ধ করা হলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতের বাবা স্বপন চন্দ্র সরকার বলেন, তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়দের সঙ্গে হাওরে ভ্রমণে গিয়েছিলেন। এই দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যু হয়েছে, যা তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হাওরে ভ্রমণের সময় দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।