প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ ২০:৫১ (সোমবার)
জাফলং সীমান্তে বিজিবি-জনতার যৌথ টহল

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

শনিবার দিবাগত গভীর রাতে ৪৮ বিজিবির সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা যায়, বিজিবির টহল দলের সঙ্গে স্থানীয় যুবক ও প্রবীণ স্বেচ্ছাসেবকরাও অংশ নিচ্ছেন। তারা টর্চলাইট ও লাঠি হাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের সঙ্গে যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপদ থাকলে এলাকার সার্বিক নিরাপত্তাও নিশ্চিত হয়। এ কারণে বিজিবির আহ্বানে তারা স্বতঃস্ফূর্তভাবে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।

তাদের মতে, এ ধরনের যৌথ টহলের ফলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

সংগ্রাম ক্যাম্পের বিওপি কমান্ডার শহিদুল আলম বলেন, “সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আমাদের নজরদারি কার্যক্রম আরও কার্যকর হয়েছে।”

তিনি আরও বলেন, যৌথ টহলের কারণে অবৈধ সীমান্ত পারাপারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।