প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ ২২:৩৯ (সোমবার)
ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত: টিআইবি

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অনিয়ম ও অসংগতির অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকারি কর্মচারীদের ত্রুটিপূর্ণ তালিকা প্রণয়নের কারণে অনেক প্রকৃত দরিদ্র পরিবার কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, আবার অনেক সচ্ছল পরিবার এই সুবিধা পেয়েছে।

রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগের উল্লেখ করা হয়। এর আগে গত ১৬ মে নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, তার নির্বাচনী এলাকায় প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিপরীতে অনেক সচ্ছল পরিবার কার্ড পেয়েছে। এ ধরনের অনিয়মের কারণে বঞ্চিত মানুষের কাছে তিনি হাতজোড় করে দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় বিভিন্ন এলাকায় অভিযোগের সৃষ্টি হয়েছে।

এ সময় টিআইবির গবেষক জুলকারনাইন, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক সুমাইয়া খায়ের, ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ বদিউজ্জামান, রাজিয়া সুলতানা এবং শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সারা দেশে প্রায় ৫৩ হাজার পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়েছে।