ছবি: সংগৃহীত
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও টিকা ব্যবস্থাপনায় অবহেলা এবং ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
এতে অন্য আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকা সরবরাহ ও চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুতর অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার কারণে বহু শিশুর মৃত্যু ঘটেছে।
এর আগে গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ–এর বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে পাঁচটি পৃথক চিঠিও দেওয়া হয়। তিনি বলেন, অর্থের অভাব নয়, বরং টিকা ক্রয়সংক্রান্ত প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণেই এই সংকট সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬২০ জনে পৌঁছেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।