প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ ১৪:০৯ (মঙ্গলবার)
সিলেটে তরুণীর স্বর্ণ ছিনিয়ে নিলো নারী ছি/নতাই চক্র: ধরা ২ জন

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় চাকু দেখিয়ে এক তরুণীর কাছ থেকে স্বর্ণের নাকফুল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকৃত একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিলেট জেলার, কোতোয়ালী থানার, সোবহানীঘাট এলাকার কুলসুমা আক্তার সয়দা (১৯) জানান, তিনজন ছিনতাইকারী তাকে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত একটি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল নিয়ে যায়।

পুলিশ বলছে, ঘটনার পর ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজনের সহায়তায় ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ছিনতাইকৃত স্বর্ণের নাকফুলসহ এক তরুণীকে আটক করা হয়। আটককৃত সিলেট জেলার, বিশ্বনাথ থানার, লামাকাজী গ্রামের নুরুল ইসলামের মেয়ে তানিয়া (১৮), বর্তমানে আখালিয়ার নয়াবাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়। পরে রোববার (৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জসিম উদ্দিন এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে আরেক আসামি সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনিতে বসবাসকারী আব্দুল খালেকের মেয়ে ঝুমা আক্তার (১৮) কে আটক করেন।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।