ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার সঙ্গে কথিত ছাত্রলীগ নেতার হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কথিত এক ছাত্রলীগ নেতা এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের সঙ্গে মিছিল আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করছেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতা মিছিলের আগাম তথ্য জানানো এবং নিরাপত্তা সহযোগিতা চাওয়ার কথা বললে হুজ্জাতুল ইসলাম তাকে আশ্বস্ত করেন।
কথোপকথনে ছাত্রলীগ নেতা বলেন, ‘রনি ভাই ও জনি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিল না করতে বলেছেন। পরে কখন হবে জানাবো। আপনি একটু তথ্য দেবেন।’
জবাবে হুজ্জাতুল ইসলাম বলেন, ‘আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আশা করছি আপনারাও সেটি রক্ষা করবেন।’
পরে ছাত্রলীগ নেতা বলেন, ‘যেদিন ছাত্রলীগের মিছিল হবে, আগের দিন জানিয়ে দেব। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন।’
এর জবাবে হুজ্জাতুল ইসলাম বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’
জানা গেছে, গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে হুজ্জাতুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে ওই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তিনি এবং আরও কয়েকজন নেতা পদত্যাগ করেন।
এদিকে ভিডিওটি প্রকাশের পর রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করেন হুজ্জাতুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
তিনি বলেন, একটি মোবাইল নম্বর থেকে তাঁকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিস্থিতি সামাল দিতে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন।
হুজ্জাতুল ইসলাম দাবি করেন, ‘আমার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমাকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ট হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে। একটি বিশেষ মহল রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
তিনি আরও জানান, ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ২৫ দিন আগের। ‘এমিল হাসান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে বলে দাবি করে তিনি এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছেও একই ব্যাখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, ভিডিওতে যে কথোপকথন রয়েছে তা কোনো রাজনৈতিক সমঝোতা নয়; বরং হুমকির মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ছিল।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তবে ভাইরাল ভিডিওতে কথোপকথনে অংশ নেওয়া কথিত ছাত্রলীগ নেতার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।