ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার আরও দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাতে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- খাগাইল গ্রামের বাসিন্দা মৃত মজফর আলীর ছেলে কুটু মিয়া (৫৫) এবং একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে আব্দুর রহমান (৬৫)। তারা এ মামলার এজাহারভুক্ত ১১ ও ১২ নম্বর আসামি।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে মামলার কয়েকজন আসামি আত্মগোপনে চলে যান।
মামলার পলাতক আসামিদের গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং কাউকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।