সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ চিরুনি অভিযানে মাত্র চার ঘণ্টায় ১১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোতোয়ালি মডেল থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা, দক্ষিণ সুরমা থানা এবং শাহপরাণ থানা এলাকায় অভিযান চলে। মোগলাবাজার থানার অভিযান চলে মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
আটককৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ২৪ জন, জালালাবাদ থানায় ১৪ জন, এয়ারপোর্ট থানায় ২৩ জন, দক্ষিণ সুরমা থানায় ২১ জন, মোগলাবাজার থানায় ৬ জন এবং শাহপরাণ (রহঃ) থানায় ২২ জন রয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই ১১০ জনকে আটক করা হয়। পরে আদালত সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।