প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ ১৪:৫৯ (মঙ্গলবার)
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার?

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে নিষিদ্ধ কার্যক্রম থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে তারা নির্বাচন করতে পারবেন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই কোনো প্রার্থী দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না। কেউ যদি ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চান এবং নির্ধারিত শর্ত পূরণ করেন, তাহলে তার অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

উপদেষ্টা আরও বলেন, কোনো ব্যক্তি যদি তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় কার্যক্রম তুলে ধরেন, তাহলে সেটি সমস্যার কারণ হবে। তবে ব্যক্তি হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

আওয়ামী লীগের কোনো পদধারী ব্যক্তি নির্বাচনে এলে কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই দলীয় পদ বা অবস্থান বাস্তবে ব্যবহার করার সুযোগ নেই। ফলে ব্যক্তি হিসেবে যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

 

সূত্র- যুগান্তর