আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখছি। ব্রাজিল খেললে মনে হয় আজকেই বিশ্বকাপ জিতে যাবে, আর হারলে মনে হয় টিভিটাই বন্ধ করে দিই!
আমার প্রিয় খেলোয়াড় নেইমার। তিনি বল নিয়ে এমনভাবে দৌড়ান যে মনে হয় বলটা তার আত্মীয়। তবে মাঝে মাঝে ফাউল খেয়ে এমন নাটকীয়ভাবে পড়ে যান যে দর্শকরা বুঝতে পারে না ফুটবল ম্যাচ চলছে নাকি সিনেমার শুটিং!

বিশ্বকাপ আসলে আমাদের দেশেরও এক বিশেষ উৎসব। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এমন তর্ক হয় যে মনে হয় ফাইনাল ম্যাচটা ঢাকা শহরেই হচ্ছে। কেউ পতাকা টাঙায়, কেউ জার্সি পরে, আবার কেউ খেলা শেষে কয়েকদিন চুপচাপ থাকে!
ব্রাজিল যখন জিতে, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আর যখন হারে, তখন বলি, “কোনো সমস্যা নেই, পরের বিশ্বকাপ আমাদেরই!” এই কথাটা অবশ্য প্রায় প্রতিটি বিশ্বকাপের পরই বলা হয়।
তবুও আমি ব্রাজিলের সমর্থক ছিলাম, আছি এবং থাকব। কারণ সত্যিকারের সমর্থকরা শুধু জয়ের সময় নয়, হারার সময়ও দলের পাশে থাকে। আর একটু আশা তো করতেই পারি, পরের বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ তারকাটা বুকে যোগ করবেই!
- প্রমি দেব, সংবাদ পাঠিকা, বাংলাদেশ বেতার, সিলেট।