সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে বুধবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক নুরুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
তাঁর জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপ মো. কামাল হোসেন।
এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী ছিলেন। দুজনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। হাসনাত আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদ নামের এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় হাসনাত হোসাইনও আসামি। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ২৫০ থেকে ৩০০ জন।