ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় ঝড়-বৃষ্টির কারণে স্কুলে উপস্থিত হতে না পারায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার কুমারশাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (৮ জুন) সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন স্কুলে যেতে পারেনি। পরদিন মঙ্গলবার স্কুলে গেলে সহকারী শিক্ষক আব্দুস সালাম আগের দিনের অনুপস্থিতির কারণে তাকে বেত্রাঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বাড়িতে ফেরার পর শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা নুর উদ্দিন জানান, তার ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং শিক্ষকের শারীরিক নির্যাতনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করেন, যার ফলে শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম জানান, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।