ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, সম্প্রতি তার ওপর হামলা চেষ্টার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে আবেদন জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একদল যুবক তার গতিরোধ করে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, গত কয়েকদিন ধরে মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা চালানো হচ্ছিল। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে সেখানে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
এর আগে বুধবার দুপুরেও মাহদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ওপর ছাত্রদলের হামলা চেষ্টার অভিযোগ তোলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এ পর্যন্ত তদন্তে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২.২১ মিনিটে নিজ বাসায় যান মাহদী হাসান।