ছবি: সংগৃহীত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক'র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চুক্তি ভিত্তিক তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী নিজেই ইমজা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী জনাব রেজাউল হাসান লোদী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।'
উল্লেখ, ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩' পাস হয়।