প্রকাশিত : ১২ জুন, ২০২৬ ১৩:০৮ (শনিবার)
বিয়ানীবাজার বিএনপির সম্পাদকের পদ স্থগিত

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (১১ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তার দায়িত্ব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এমরান আহমদ চৌধুরী।

এ বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে বিরোধিতা এবং দলীয় ভাবমূর্তি সংক্রান্ত নানা আলোচনা-সমালোচনার কারণে সম্প্রতি তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন।