ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল ও রাজনগর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৭ জুন তিনি ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলে আসবেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শুক্রবার (১২ জুন) সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকাভিত্তিক বেল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রঙের কাজ, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর ১৭ জুনের শ্রীমঙ্গল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরোনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ প্রস্তুতকরণ, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মাঠ পরিদর্শন শেষে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আগামী ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।’