ছবি: সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগীরা ধীরে ধীরে হাসপাতাল ছাড়ছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।
গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়ার সময় সেখানে মোট ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে প্রায় ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন সময়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
তারিকুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে আমরা আপিল সম্পন্ন করব।’
রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাইলেও এত দ্রুত রোগীদের সরিয়ে দিতে পারি না। তাই যথাসাধ্য চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। তবে অনেক রোগী ইতোমধ্যে চলে গেছেন। আপিলের পর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।’
উল্লেখ্য, গত ২৭ মে সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ।
এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।