ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চলতি বছরের প্রথম পাঁচ মাসে অবৈধভাবে সীমান্ত পারাপারের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে।
শুক্রবার (১২ জুন) ইইউর সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রন্টেক্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে প্রায় ৩৯ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে।
ফ্রন্টেক্স বলছে, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার এবং অভিবাসীদের উৎস দেশগুলোতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ফলে এই উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে।
এ ছাড়া নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’ কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় ইইউ সীমান্তে অভিবাসীদের জন্য অভিন্ন ও মানসম্মত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হান্স লেইটেনস বলেন, নতুন নিয়মের ফলে ইইউ সীমান্তে সবার ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণ করা হবে এবং সদস্য দেশগুলো একটি অভিন্ন আইনি কাঠামোর আওতায় আসবে।
সংস্থাটি আরও জানায়, মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুট এখনো সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আফ্রিকান রুটে অনিয়মিত পারাপার সবচেয়ে বেশি- ৭১ শতাংশ কমেছে। তবে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে পারাপার ৪৬ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য উদ্ধৃত করে ফ্রন্টেক্স জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার ৩০০ অভিবাসীর মৃত্যু হয়েছে, যা মানবিক সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।