সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে টানা ৩২ ঘণ্টায় ৭৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১২ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ১২ জুনের ২৪ ঘণ্টায় ৪৭ জন এবং ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, হকার এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ও চোরাচালান সংশ্লিষ্ট অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট এবং ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭০টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ নগর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।