ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ঘিরে নিজের উচ্ছ্বাস ও প্রিয় দল নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক এবং বিশ্বকাপ এলেই ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।’
প্রিয় ফুটবলার প্রসঙ্গে তিনি বলেন, নেইমারের খেলা ও ব্যক্তিত্ব তার খুবই পছন্দ। তবে ব্যক্তিত্বের দিক থেকেমেসিকেও ভালো লাগে বলে জানান তিনি।
মজার বিষয় হলো, অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক হলেও তার ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার ভক্ত। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত। শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না।’
বিশ্বকাপ ফুটবলকে কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবে দেখেন অপু বিশ্বাস। তিনি বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ঈদের মতো আনন্দের পরিবেশ তৈরি হয়। রাত জেগে খেলা দেখা, পরিবার-পরিজনের সঙ্গে খেলার আলোচনা এবং প্রিয় দলের জয়-পরাজয়ের আবেগ—সব মিলিয়ে বিশ্বকাপ তার কাছে বিশেষ এক উৎসবের নাম।