ছবি: সংগৃহীত
সুনামগঞ্জবাসীর জন্য সুখবর। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।
আগামীকাল (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি এই আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করবেন।
জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে একযোগে আইসিইউ চালু করা হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় সুনামগঞ্জসহ বাকি নয়টি জেলা হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইসিইউ চালুর ফলে সুনামগঞ্জের জটিল ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর সিলেট বা রাজধানী ঢাকায় ছুটতে হবে না। শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীরা এখন জেলা সদর হাসপাতালেই উন্নত ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবা পাবেন।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হওয়া জেলার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয়ও কমে আসবে।