প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ০৩:২৫ (সোমবার)
কাতারের জয়গাথা: এক প্রবাসী হৃদয়ের স্পন্দন

ছবি: সংগৃহীত

​সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামের সবুজ ঘাসে আজ কেবল একটি ফুটবল ম্যাচ চলছে না; চলছে এক রূপকথা লেখার লড়াই। প্রতিপক্ষ যখন শক্তিশালী সুইজারল্যান্ড, তখন কাতার আজ মাঠে নেমেছে কেবল বল পায়ে নয়, বরং নিজেদের সামর্থ্য, আত্মবিশ্বাস আর কোটি স্বপ্নের নতুন এক ইশতেহার লিখতে।

​ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়া; হয়তো অনেকের মনেই শঙ্কার মেঘ জমিয়েছিল। কিন্তু মরুর বুক থেকে উঠে আসা এই যোদ্ধারা যে সহজে দমে যাওয়ার পাত্র নয়! দুর্দান্ত এক প্রত্যাবর্তনে গোল শোধ করে যখন তারা ১-১ সমতায় ফিরল, তখন মনে হলো এ যেন কেবল একটি গোল নয়, বরং পুরো কাতারের অদম্য ও অপরাজেয় মনোবলের এক জীবন্ত দলিল। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল না ছাড়ার এই যে জেদ, এটাই তো ফুটবল! মাঠের প্রতিটি নিখুঁত পাস, প্রতিটি গতিময় দৌড় আর প্রতিটি ট্যাকল যেন গ্যালারিতে থাকা এবং টিভির পর্দার সামনে বসা কোটি কাতারবাসী ও প্রবাসীদের বুকে এক নতুন আশার কাঁপন ধরিয়ে দিচ্ছে।

​একজন কাতার প্রবাসী হিসেবে, এই ম্যাচ আমার কাছে কেবল ৯০ মিনিটের কোনো সাধারণ খেলা নয়। এটি একটি অনুভূতি, যা আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি। যে দেশ আমাকে বছরের পর বছর ধরে অন্ন দিয়েছে, দিয়েছে সম্মান, মর্যাদা এবং জীবনের বহু মূল্যবান শিক্ষা; সেই দেশের জার্সি গায়ে যখন এগারো জন যোদ্ধা বিশ্বমঞ্চে লড়াই করে, তখন তাদের প্রতিটি সাফল্য আমার নিজের আনন্দ হয়ে ধরা দেয়, আর তাদের প্রতিটি সংগ্রাম হয়ে ওঠে আমার ব্যক্তিগত আবেগ।

​আজকের এই লড়াই মাঠের স্কোরবোর্ডের চেয়েও বড় এক সত্যকে উন্মোচন করেছে। কাতার বিশ্বকে দেখিয়ে দিয়েছে; বুকের ভেতর যদি সাহস, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি থাকে, তবে ফুটবলের মানচিত্রে ছোট বা বড় দলের কোনো দেয়াল থাকে না। বিশ্বকাপের এই মহামঞ্চ আমাদের শেখায় কীভাবে বুকভরে স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য কীভাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যেতে হয়।

​ফলাফল যাই হোক না কেন, হে কাতার; তোমাদের এই বীরত্বগাথা আমাদের গর্বিত করেছে। তোমরা এগিয়ে চলো সম্মুখপানে, তোমাদের এই লড়াই আমাদের অহংকার, আমাদের আবেগ, আমাদের হৃদয়ের পরম ভালোবাসা।