প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ১২:৫৬ (সোমবার)
সিলেটে পুলিশের ব্যাপক অভিযান: আ/টক ২১৬

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ২১৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) রাত ১২টা থেকে রোববার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত চলা এ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৫৫ জনকে আটক করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশে আটক ব্যক্তি এবং চোরাকারবারীরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা, ১শ পিস ভারতীয় বেনারশি শাড়ি এবং বিভিন্ন ধরনের ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্যভাবে আটককৃতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।