প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ১৯:৫১ (সোমবার)
ট্রেলারেই বাজিমাত, আইএমডিবির শীর্ষে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

ছবি: সংগৃহীত

মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আহমেদ খান পরিচালিত এই কমেডি সিনেমা।

ট্রেলার প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই এটি ২৮ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি ইউটিউবের ট্রেন্ডিং তালিকায়ও শীর্ষস্থান দখল করে নিয়েছে ছবিটি। শুধু দর্শকরাই নন, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

দর্শকদের আগ্রহের আরেকটি বড় প্রমাণ মিলেছে আন্তর্জাতিক চলচ্চিত্রভিত্তিক ডাটাবেজ আইএমডিবিতে। বর্তমানে আইএমডিবির ‘টপ ১০ মোস্ট অ্যান্টিসিপেটেড’ ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে আছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অক্ষয় কুমার। সিনেমায় তাকে দেখা যাবে একজন ব্যর্থ অভিনেতার চরিত্রে, যিনি নিজের ম্লান হয়ে যাওয়া ক্যারিয়ারকে নতুন করে চাঙ্গা করতে এক জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীর সঙ্গে কাজ শুরু করেন। সেই অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

সিনেমার গল্পে দেখা যায়, একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য পুরো টিম একটি প্রত্যন্ত গ্রামে যায়। সেখানে গ্রামের সাধারণ মানুষ ভুলবশত এই অভিনয়শিল্পীদের দলকে সত্যিকারের সেনাবাহিনী মনে করে। স্থানীয় এক ভয়ংকর গ্যাংস্টারের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় তারা এই দলের কাছে সাহায্য চায়।

এই ভুল বোঝাবুঝিকে ঘিরেই শুরু হয় একের পর এক মজার ও অপ্রত্যাশিত ঘটনা, যা দর্শকদের হাসির খোরাক জোগাবে বলে আশা করছেন নির্মাতারা।

অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও ছবিতে আরও একঝাঁক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বলিউডের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে। দর্শকদের প্রত্যাশা, কমেডি ও বিনোদনের নতুন মাত্রা যোগ করবে ছবিটি।