ছবি: সংগৃহীত
আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি ব্যাংকের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিষয় তদারকির দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এই পদক্ষেপ ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একই সঙ্গে ব্যাংকটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।