ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জাপান রুটের সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে ঢাকা ও জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা, বাণিজ্যিক সম্ভাবনা এবং পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।
এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে রুটটি বন্ধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছিল। তবে প্রায় দুই বছর পর ২০২৫ সালে আবারও রুটটির কার্যক্রম স্থগিত করা হয়।
বিমান ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবারের সংবাদ সম্মেলনে ফ্লাইটের সময়সূচি, ভাড়া, সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি এবং উদ্বোধনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।