আগামী বুধবার (১৭ জুন) সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে সিলেট জেলায় তার কোনো সরাসরি কর্মসূচি না থাকলেও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন। দিনব্যাপী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেলে সিলেট নগরের আকাশপথ ব্যবহার করে বিমানে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন। মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর হাতে এসব কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত বছরের ২ মে সিলেট সফরে এসে নগরী ও সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফর।
সফরকে ঘিরে ইতোমধ্যে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য অনুষ্ঠানস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, মঞ্চ নির্মাণ, রংয়ের কাজসহ নানা প্রস্তুতি চলছে। পাশাপাশি পৌর এলাকার সড়কগুলো থেকে পুরনো ব্যানার ও পোস্টার অপসারণ করে সৌন্দর্যবর্ধনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফর সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।