প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ১৯:১১ (মঙ্গলবার)
সিলেটে ‘নদী মেলা ২০২৬’: নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

ছবি: সংগৃহীত

“নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী” প্রতিপাদ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘নদী মেলা ২০২৬’। নদী, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক তুলে ধরা এবং নদী সংরক্ষণে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন জোরদার করাই ছিল এ মেলার মূল লক্ষ্য।

সোমবার (১৫ জুন) দুপুরে এয়ারপোর্ট রোডস্থ গ্র্যান্ড সিলেট হোটেলের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও সংস্কৃতি নদীকেন্দ্রিক। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা হ্রাস, দূষণ ও অবৈধ দখলের কারণে দেশের নদীগুলো আজ নানা হুমকির মুখে।

তিনি বলেন, ‘সরকার নদী পুনঃখনন, নদীতীর সংরক্ষণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে নদী সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণ, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে ‘নদী মেলা ২০২৬’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিএনআরএসের প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন আদর বলেন, ‘এ মেলা শুধু একটি উৎসব নয়; এটি জ্ঞান বিনিময়, সংলাপ ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।’

তিনি জানান, ‘The People’s Riverscape’ প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় অংশগ্রহণমূলক নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে টেকসই নদী ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ, প্রকৃতি-ভিত্তিক সমাধান, নদীতীর সুরক্ষা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এসব উদ্যোগ নদী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অক্সফাম নেদারল্যান্ডসের প্রজেক্ট ডেভেলপমেন্ট লিড ভেরোনিকা বারকো জোরামস, পলিসি লিড (ক্লাইমেট রেজিলিয়েন্স) পেত্রিকেলা ইয়োহানা ফ্রান্সিস্কা মারিয়া, অক্সফাম নেপালের প্রোগ্রাম ম্যানেজার রাজন সুবেদি, নেদারল্যান্ডস দূতাবাস ঢাকার সিনিয়র পলিসি অ্যাডভাইজার (ওয়াটার) ড. মো. সিবলী সাদিক, অক্সফাম নেপালের রিসার্চ অ্যাডভাইজার সংঘা শ্রেষ্ঠা এবং অক্সফাম ইন্টারন্যাশনাল-এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার এনামুল মজিদ খান সিদ্দিকী।

এছাড়া সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নেদারল্যান্ডস দূতাবাস, অক্সফাম, TROSA প্রোগ্রাম, বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে, অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং টেকসই নদী ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ শক্তিশালী হবে।