প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ১৯:৩৫ (মঙ্গলবার)
ভারতের ভিসায় নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই অনলাইনে প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক এ তথ্য জানায়। নতুন নির্দেশনায় আবেদন আপলোডের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি মেডিকেল ভিসার ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রত্যাশীদের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তারা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে এবং আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো ধরনের সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল আপলোড করা হলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

নতুন নির্দেশনায় মেডিকেল ভিসা প্রাপ্তদের জন্যও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এখন থেকে ভিসা আবেদনে যে হাসপাতালের নাম উল্লেখ থাকবে এবং যার ভিত্তিতে ভিসা ইস্যু করা হবে, চিকিৎসার জন্য আবেদনকারীকে অবশ্যই সেই হাসপাতালেই যেতে হবে।

কোনো বিশেষ কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পূর্বানুমতি নিতে হবে। এফআরআরও’র অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আইভ্যাক আরও সতর্ক করেছে, নতুন এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।