প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ২১:৩৬ (মঙ্গলবার)
লাইভে অ.স্ত্রের মহড়া, গোলাপগঞ্জে কিশোর গ্যাংয়ে.র দুই সদস্য গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার রণকেলী উত্তর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাসেল আহমদ (২৫) ও নাইম আহমদ (২৭)। রাসেল উপজেলার রণকেলী উত্তর গ্রামের নানু মিয়ার ছেলে এবং নাইম একই গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। এ সময় তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার ও প্রচার করে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে সোমবার বিকেলে উপজেলার রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও নাইমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ছয়টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুকে লাইভ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।