ছবি: সংগৃহীত
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাজেটের প্রাপ্যতা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর ভিত্তি করে ধাপে ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।’
তিনি জানান, নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করবে।
সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।