ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গিয়ে চাপাতির আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই)। পরে পুলিশের গুলিতে চারজন সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন তুরাগ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ হাউজিং এলাকার একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে আদাবর থানার ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।
এডিসি জুয়েল রানা জানান, অভিযানের সময় পুলিশ জানতে পারে অভিযুক্তরা একটি পরিত্যক্ত ভবনে অবস্থান করছে। সেখানে অভিযান চালাতে গেলে তারা আগে থেকেই ধারালো অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল।
তিনি বলেন, “পুলিশ সদস্যরা দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা চাপাতি দিয়ে হামলা চালায়। এতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে এক এসআইও চাপাতির আঘাতে জখম হন।”
পুলিশের দাবি, হামলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠলে আত্মরক্ষার্থে ওসি তার সরকারি অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়েন। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও দুইজন আহত অবস্থায় আটক হন।
আহত চারজনকে উদ্ধার করে শহীদ সরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে