ছবি- বিএনপি মিডিয়া সেল
সিলেটের শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাজেট নিয়ে সমালোচনাকারীদের বক্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেটে খাওয়া মানুষের জন্য প্রণীত বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ বলে আখ্যা দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হয়েছিল এবং হবিগঞ্জে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন শ্রীমঙ্গলের মাটিতে হচ্ছে।
তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। নারীদের স্বাবলম্বী করা ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করেছে।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষক, শিক্ষার্থী, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বরাদ্দ দিয়েছে। খেটে খাওয়া মানুষের জন্য সহায়ক এই বাজেটকে কিছু মানুষ পছন্দ না করে ‘চানাচুর’ বা গণবিরোধী বলে উল্লেখ করছে। তিনি বলেন, যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেটিকে গণবিরোধী বলা যুক্তিসঙ্গত নয়।
জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা উন্নয়নমূলক উদ্যোগে বাধা দিতে চায়, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি দাবি করেন, অর্থের অভাব হবে না এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।