ছবি- বিএনপি মিডিয়া সেল
শ্রীমঙ্গলে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারেক রহমান। বুধবার (১৭ জুন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিলো একটি দল। জনগণের টাকা পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাজেট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা বাজেটকে গণবিরোধী বলে আখ্যায়িত করছে, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের স্বাবলম্বী করতে পারলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে স্কলারশিপ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে ৪০ লাখ কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের ঐক্য অপরিহার্য। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।