ছবি: সংগৃহীত
সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভেরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ার সাকের কলোনিতে বসবাস করতেন।
এ ঘটনায় অভিযুক্ত মো. হাবিল (২৫)কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। হাবিল নগরীর শাহপরাণ (রহ.) থানার বালুচর এলাকার বাসিন্দা এবং মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিল দীর্ঘদিনের বন্ধু ছিলেন। রোববার সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেন। এরপর তার সঙ্গে থাকা একটি ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা অভিযুক্ত হাবিলকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার কাছ থেকে ধৃত হাবিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।