প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ ২০:৫৮ (বৃহস্পতিবার)
দুই দিনের সফরে সিলেট ও মৌলভীবাজারে আসছেন পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রী

ছবি: পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সফরকালে তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ‘হাওর ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৯ জুন (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তারা।

সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় মৌলভীবাজারে আয়োজিত ‘হাওর ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে উৎসবের বিভিন্ন স্টল, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন পরিদর্শন করবেন।

রাতযাপন করবেন দুসাই রিসোর্ট অথবা গ্র্যান্ড সুলতান রিসোর্টে।

পরদিন ২০ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় সিলেট পর্যটন মোটেলের উদ্দেশে রওনা হয়ে সেখানে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০২ ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে তাদের সফর শেষ হবে।

সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁদের একান্ত সচিব, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা।

সফরের সার্বিক ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।