প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ ২২:৪৪ (বৃহস্পতিবার)
প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশের রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ খাতের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে রেলওয়ের প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেলপথে যাত্রীসেবা আরও আধুনিক, দ্রুত ও পরিবেশবান্ধব হবে।

তিনি জানান, মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিডের আওতায় আনা হবে এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সড়কে অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।

রাজধানীর যানজট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, দেশের সেতু অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের আওতায় দেশের সব রেলপথ পর্যায়ক্রমে ডুয়েলগেজে রূপান্তর করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হয়।

প্রধানমন্ত্রী বলেন, রেল যোগাযোগের সক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।