সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ল্যাব পরীক্ষায় দুইটি সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া দুই শিশু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ইলাশপুর এলাকার দ্বিপন পালের নয় মাস বয়সী কন্যা দ্বিবানি পাল এবং অপরজন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া গ্রামের সবোয়ারের দুই মাস ২৪ দিন বয়সী পুত্র রাইয়ান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব টেস্টে নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জে ১৭৮ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২৪ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রোগী ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন, পার্ক ভিউ হাসপাতালে চার জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন এবং বিভাগের বিভিন্ন জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীরা চিকিৎসা নিচ্ছেন।