প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ ১৩:০০ (শুক্রবার)
সিলেটে ৩২ ঘণ্টায় ৫১ জন আ/টক

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে গত ৩২ ঘণ্টায় ৫১ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জুনের ২৪ ঘণ্টায় ৩০ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২১ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, চুরি সংক্রান্ত অভিযোগে সন্দেহভাজন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে। মোট ৬৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব নগরী গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।