মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন পারফরম্যান্সে সমালোচনা যখন বাড়ছে, ঠিক তখনই এক ভিন্ন মন্তব্যে আলোচনায় উঠে এলেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি রসিকতা করে বলেন, আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি-কে ব্রাজিল দলে খেলানোর জন্য ‘হায়ার’ করার কথা ভাবছেন তিনি। সাম্প্রতিক এক ম্যাচে হ্যাটট্রিক করে নিজের দলকে বড় জয় এনে দেওয়ার প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমি তো ভাবছিলাম ব্রাজিল দলে খেলানোর জন্য মেসিকেই হায়ার (চুক্তি) করে ফেলব কি না!’
তবে এই মন্তব্যটি ছিল পুরোপুরি হাস্যরসের ছলে। একই সঙ্গে তিনি ব্রাজিল দলের ওপর আস্থা রাখার কথাও জানান। মরক্কোর সঙ্গে ড্রকে তিনি বড় কোনো বিপর্যয় হিসেবে দেখছেন না, বরং প্রতিপক্ষকে গ্রুপের সবচেয়ে কঠিন দল হিসেবে উল্লেখ করেন।
এদিকে দলে স্বস্তির খবর হয়ে ফিরেছেন নেইমার জুনিয়র। দীর্ঘ সময় চোট ও অফফর্মে জাতীয় দলের বাইরে থাকার পর আবার অনুশীলনে ফিরেছেন এই তারকা। সর্বশেষ অনুশীলনে তাকে স্বাভাবিকভাবেই দেখা গেছে এবং সতীর্থদের সঙ্গে হালকা মুহূর্তও ভাগ করেছেন তিনি।
তবে আসন্ন ম্যাচে তিনি শুরু থেকেই মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কোচিং স্টাফ।