দেশে গম চাষ সম্প্রসারণের অংশ হিসেবে সিলেট অঞ্চলের পতিত জমিকে আবাদে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে এবং এই আবাদ আরও বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, গম উৎপাদন বাড়াতে প্রধান উৎপাদন এলাকায় নতুন ও উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্ত করা এবং উত্তরাঞ্চলের হালকা মাটিতে চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি এবং তামাক চাষের জমিসহ অপ্রচলিত এলাকাগুলোতে গম চাষ সম্প্রসারণে কাজ চলছে। একই সঙ্গে হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলনশীল গমের জাত উদ্ভাবন ও বিস্তার, কৃষকদের প্রশিক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, গম উৎপাদন বাড়াতে প্রতি বছর প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বীজ, সার ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পতিত জমির ব্যবহার বাড়ার পাশাপাশি গম উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।