প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ ১৮:৫৮ (শুক্রবার)
পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগার কারণে এ বিলম্ব হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের কৌশল ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ জুন পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন।

নতুন বেতন কাঠামোর আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। বর্তমানে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় বিধি সংশোধনের কাজ চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষ হলে জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত বেতন অক্টোবরের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হবে।

নতুন পে-স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫ শতাংশ হারের বিশেষ সুবিধা (ইনসেনটিভ) পৃথকভাবে বহাল থাকবে না। এটি নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। হিসাব অনুযায়ী, বিশেষ সুবিধা সমন্বয়ের পর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি পাবে প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে প্রায় ৪০ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূল বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি এবং অবসর-পরবর্তী অন্যান্য আর্থিক সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা। পাশাপাশি জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ থোক বরাদ্দ হিসেবে সংরক্ষণ করা হয়েছে, যা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে।